টেকনাফে আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রথম পাতা » সারাদেশ » টেকনাফে আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



টেকনাফে আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলার দুটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের ও টেকনাফের খাইয়ুকখালীর।

মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার খাইয়ুকখালী ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গভীর সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন জেলেরা। বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উপকণ্ঠের একটি খালে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘জেনেছি একটি ট্রলার শাহপরীর দ্বীপের, আরেকটি আমার ঘাটের। বিষয়টিকে কেন্দ্র করে জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে।’

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের ট্রলার মালিক আব্দুল জলিল বলেন, সকালে মাছ শিকার করে টেকনাফে ঘাটে ফেরার পথে নাফের মোহনা থেকে মাঝি, সাত জেলেসহ ট্রলারটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে জেলে পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক আছে। এর ফলে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:১৭   ১৫১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন

Law News24.com News Archive

আর্কাইভ