
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী সন্তান নিসর্গ হোসেন তূর্যর মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা সম্পন্ন হয়। শুক্রবার রাত ১১টার দিকে তূর্যর মৃত্যু হয়। শেষবারের মতো সন্তানকে দেখার জন্য শনিবার দুপুরে তার মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে শারমিন সুলতানাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়। শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারাগারে তূর্যর মরদেহ জড়িয়ে ধরে তার মা আক্ষেপ করে বলেছিলেন, আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না। শারমিন সুলতানাকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি। শারমিনের পরিবারও নিশ্চিত করেছে যে তারা প্যারোলের আবেদন করেনি। শাহাদাৎ হোসেন জানান, প্যারোলের আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছিল এবং ডিসেম্বর পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছিল। শারমিনের ছোট বোন শাম্মী জানান, জন্মের পর থেকেই তূর্য শারীরিক জটিলতায় ভুগছিল এবং তার শরীরে ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছে। অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য শারমিন ২০২২ সাল থেকে রাজনীতি থেকে সরে এসেছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের শুরুর দিকে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ষড়যন্ত্রের মাধ্যমে এই মামলায় জড়ানো হয়েছে এবং আটকের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।
বাংলাদেশ সময়: ২২:০২:০৯ ৩৩ বার পঠিত #কারাগার #গাজীপুর #প্যারোল #মোহাম্মদপুর #শারমিন সুলতানা #সন্ত্রাসবিরোধী আইন