বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ জন শিক্ষার্থী থাকলেও পাঠদানের জন্য নিয়মিত শিক্ষক আছেন মাত্র চারজন। ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মতো আবশ্যিক বিষয়সহ ছয়টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। শিক্ষক সংকটের কারণে অনুমোদন থাকা সত্ত্বেও পরিসংখ্যান, ভূগোল, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম—এই চারটি বিষয় শিক্ষার্থীরা নিতে পারছেন না।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৬২ সালে বগুড়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৬ সালে সাধারণ কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক স্তরে ২৪টি বিষয়ে পাঠদানের অনুমতি থাকলেও প্রতিষ্ঠানটি এখনো সেই পুরোনো আটটি পদের কাঠামোতেই চলছে। অনুমোদিত আটটি পদের মধ্যে তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য এবং বৃহস্পতিবার অধ্যক্ষ অবসরে যাওয়ায় বর্তমানে নিয়মিত শিক্ষকের সংখ্যা আরও কমেছে। সরকারি এই কলেজে উপাধ্যক্ষের কোনো পদ নেই।
শিক্ষক সংকটের তীব্রতা সম্পর্কে কলেজ প্রশাসন জানায়, ইংরেজি, আইসিটি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কৃষিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। বাংলা, অর্থনীতি, গণিত, ফিন্যান্স ও ব্যাংকিং বিমাসহ পাঁচটি বিষয়ের পাঠদান চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে। এ ছাড়া উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ইতিহাস, মনোবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে কোনো পদই নেই।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক না থাকায় বেশির ভাগ দিনই ক্লাস হয় না, যা তাদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটাচ্ছে। তবে শিক্ষক সংকটের মধ্যেও কলেজটির শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করছেন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৯০ শতাংশ।
বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান জানান, শিক্ষার্থীদের পাঠদান সচল রাখতে বাধ্য হয়ে ১১ জন খণ্ডকালীন শিক্ষক এবং অন্য কলেজ থেকে ১৪ জন শিক্ষককে প্রেষণে এনে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। স্থায়ী ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ২০:২১:৫৪ ২৫ বার পঠিত #এইচএসসি #বগুড়া #বগুড়া সরকারি কলেজ #শিক্ষক সংকট #শিক্ষা