শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং আওয়ামী লীগের সাবেক এমপি কামাল মজুমদারের একমাত্র সহচর ও তার বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের একটি সরকারি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে ক্ষতি সাধন করা হয় এবং ইটপাটকেল মেরে পল্লবী জোনের এসি ও তার সঙ্গীয় ফোর্সদের জখম করা হয়। ওই ঘটনায় পরদিন পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় মামলাটি দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ৯:২১:১৫   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #