প্রায় পাঁচ বছর আগে পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করা খায়রুদ্দিন আনসারী (২৯) নামের এক নেপালি যুবককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পঞ্চগড় সীমান্তের বাংলাবান্ধা-ফুলবাড়ী শূন্যরেখা দিয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। খায়রুদ্দিন নেপালের প্রদেশ-২–এর বারা জেলার পারছোনি গ্রামের বাসিন্দা।
মানসিক ভারসাম্যহীন এই যুবক প্রায় পাঁচ বছর আগে ভারত হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে প্রবেশের পর তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পলাশ আহমেদের বাড়িতে রিয়ান আনসারি নামে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নিজের পরিচয় ও ভাইয়ের ফোন নম্বর মনে রাখতে পারতেন। সেই ফোন নম্বরের সূত্র ধরে দুই দেশের দূতাবাসের উদ্যোগে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়। প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সুরাজ আমগাইন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নেপাল দূতাবাসের প্রতিনিধিরা খায়রুদ্দিনকে গ্রহণ করে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের জন্য নেপাল সীমান্তে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২৩:০০:০০ ২০ বার পঠিত #কুষ্টিয়া #নেপালি যুবক #পঞ্চগড় #প্রত্যাবাসন #বাংলাবান্ধা #বিজিবি