
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালিয়ে সামনে আগুন ধরিয়ে দেন। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। একই রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলগুলোতে রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। সংসদ সদস্যের ক্লিনিকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও রাত পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৭:০৫:৪৮ ৩৭ বার পঠিত #অগ্নিসংযোগ #অবরোধ #আওয়ামী লীগ #গোপালগঞ্জ #সংসদ সদস্য #হামলা