বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বরিশালে জিয়াউল আহসানের বাসভবনে বিক্ষুব্ধ জনতার আগুন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে জিয়াউল আহসানের বাসভবনে বিক্ষুব্ধ জনতার আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। এ সময় তাদের ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর আস্তানা বরিশালের মাটিতে থাকবে না’ বলে স্লোগান দিতে শোনা যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

রবিউল আল আমিন জানান, বিকেল ৫টা ১০ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তবে আগুনের প্রকৃত সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অগ্নিসংযোগের বিষয়টি তখন পর্যন্ত তার জানা ছিল না। উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে র‍্যাব ও এনটিএমসিতে দায়িত্ব পালনকালে গুম, খুন, ‘আয়নাঘর’ পরিচালনা এবং অবৈধ আড়িপাতার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩২   ২৫ বার পঠিত   #  #  #  #  #