বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

প্রথম পাতা » আদালত সংবাদ » জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন এনামুল হক। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। মামলায় এসব অভিনয়শিল্পীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৯   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #