জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান সাত কারণ দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের হাজত খানা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে রিমান্ড শুনানির জন্য হ্যান্ডকাফ পড়িয়ে কড়া পুলিশি পাহারায় এজলাসে হাজির করা হয়। এরপর ৪টা ৫৪ মিনিটে বিচারক উঠলে শুনানি শুরু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, মামলার এই আসামি অন্যান্য আসামিদের সাথে নিয়ে পবিত্র মসজিদে মারামারি করেন। এবং তিনি দায়িত্ব প্রাপ্ত ইমামকে টেনে নামান। এই মামলার অন্যান্য তথ্য উদঘাটন, কে বা কার হুকুমে এই ঘটনা ঘটালেন তার সব তথ্য বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করছি।
বাদী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান মামলাটি করেন।
রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, আমাদের ধর্মীয় সব বড় মসজিদ হলো বাইতুল মোকাররম। সেখানে একটা সংগঠন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে মুফতি আবু সালেহ সাহেবকে দায়িত্ব দেন এবং সেদিন দায়িত্ব পালনকালে। এই অভিযুক্ত ব্যক্তি উলামা লীগের আসামি তার দলবল নিয়ে মিনার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক কেড়ে নেন। রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। দেশের জাতীয় মসজিদে ভাঙচুর ও ইসলাম প্রিয় মানুষের আবেগে আঘাত করা, সব বিষয় বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড চাচ্ছি।
আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, আমি রিমান্ড বাতিল পূর্বক জামিন চাচ্ছি, একই সাথে পিপির বক্তব্যের বিরোধীরা করছি। মসজিদে যে মারামারির ঘটনা ঘটেছে সেসময় রুহুল আমিন উপস্থিত ছিলেন না।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:০৫ ৩১ বার পঠিত #আমিনের #খতিব #দিনের #বায়তুল #মোকাররমের #রিমান্ড #রুহুল #সাবেক