বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।

সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি আগে অনুমোদিত আরও ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে। নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি উদ্যোগ রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের চার জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন রোধে কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রস্তাবও রয়েছে।

অর্থ-সামাজিক অবকাঠামো খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র নির্মাণ এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব আলোচনায় আসবে।

অন্যদিকে, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে পুরোনো সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ।

বাংলাদেশ সময়: ২১:১০:১৪   ২২ বার পঠিত   #  #  #  #  #