রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় নারী বিবেচনায় রিমির জামিন মঞ্জুর করেন। একই মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ উভয় আসামির জামিনের বিরোধিতা করেছিল। মামলার বিবরণে জানা যায়, সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে ফুটপাতে আঁকা গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গত ৯ অক্টোবর আয়াসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১১ অক্টোবর আয়াস ও রিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০:৪৫:৪১ ২৩ বার পঠিত #আদালত #গ্রাফিতি #জামিন #মামলা #রবীন্দ্রনাথ ঠাকুর #শাহবাগ থানা