মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হুমকির মুখে নানার বাড়িতে দাফন করা হলো পিটুনিতে নিহত মেহেদীর মরদেহ

প্রথম পাতা » প্রধান সংবাদ » হুমকির মুখে নানার বাড়িতে দাফন করা হলো পিটুনিতে নিহত মেহেদীর মরদেহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহ বুঝে নেওয়ার পর হুমকির কারণে তাঁর নানার বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেদীর স্বজনেরা জানান, মরদেহ বাড়িতে নেওয়া হলে তা পুড়িয়ে ফেলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বাদ এশা জানাজা শেষে সিটি করপোরেশনের গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

মেহেদীর মরদেহ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁর নানার বাড়ির সামনে নেওয়া হয়। সেখান থেকে ৪০০ গজ দূরে সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হুমকির বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার স্বার্থে পরিবারকে এমন জায়গায় দাফন করার পরামর্শ দেওয়া হয়েছিল যেখানে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না। নিহত মেহেদী হাসান স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। গত রোববার স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামান হত্যাকাণ্ডের পর মেহেদীর বাড়িতে আগুন দেওয়া হয় এবং সেই ঘটনা দেখতে গিয়ে তিনি উত্তেজিত জনতার পিটুনিতে নিহত হন। মেহেদীর স্ত্রী মিম আক্তার জানান, সুরুজ জামানের সঙ্গে তাঁর স্বামীর পরিবারের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁর ধারণা।

বাংলাদেশ সময়: ২০:২৬:৩০   ১৯ বার পঠিত   #  #  #  #  #