শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক–সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এই হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫), সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। তাঁদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দলেরই একটি অংশ এই হামলায় জড়িত। আনোয়ার হোসেন জানান, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। তিনি আরও অভিযোগ করেন যে, কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগেই অবহিত করা হয়েছিল, কিন্তু পুলিশ ঘটনাস্থলের কাছে উপস্থিত থাকলেও হামলার সময় কার্যকর ভূমিকা নেয়নি। রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন জানান, দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের কথা শুনলেও মারামারির বিষয়ে পুলিশকে কেউ জানায়নি।
বাংলাদেশ সময়: ২৩:০০:৩৬ ৮ বার পঠিত #চট্টগ্রাম #জিয়াউর রহমান #বিএনপি #রাউজান #হামলা