বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের ছয়তলার একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক গাড়িচালক। শিউল বড়ুয়া নামের ওই গাড়িচালক তিন মাস ধরে সেখানে থাকছেন বলে জানা গেলেও, তিনি দাবি করেছেন তিন দিন ধরে থাকছেন। প্রশাসনিক ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে বাইরের ব্যক্তির পরিবার নিয়ে বসবাসের বিষয়টি কর্তৃপক্ষের অজানা নয়। একাডেমির মহাপরিচালক কক্ষটি খালি করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।
কোয়ার্টার চেয়েছি, পাইনি এখনো। আমার শ্বশুর অসুস্থ। ওনাকে ডাক্তার দেখাতে পুরো পরিবার ঢাকায় এসেছে। তাই এখানে রেখেছি। তিন দিন হয় ভবনটিতে উঠেছি।
শিল্পকলা একাডেমির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, গত মার্চ মাসেও ওই দম্পতিকে সেখানে দেখা গেছে। ওই কর্মকর্তার অভিযোগ, কর্মচারী ইউনিয়ন ও একাডেমির কিছু কর্মকর্তা এই অনৈতিক কাজে জড়িত। তবে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান দাবি করেছেন, মানবিক কারণে তাঁকে ডিসেম্বরের কোয়ার্টার পাওয়া পর্যন্ত থাকার সুযোগ দেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের গাড়িচালক হিসেবে কর্মরত শিউল বড়ুয়ার সেখানে বসবাসের বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। একাডেমির প্রশাসন বিভাগের উপপরিচালক পূর্ণলাক্ষ চাকমা জানান, কোনো লিখিত আবেদন ছাড়াই মৌখিক অনুমতি নিয়ে শিউল বড়ুয়া সেখানে থাকছেন।
বাংলাদেশ সময়: ১৮:০৮:৪৫ ২৪ বার পঠিত #অনিয়ম #গাড়িচালক #দখল #প্রশাসনিক ভবন #শিল্পকলা একাডেমি #সংস্কৃতি মন্ত্রণালয়