হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র অবৈধ সংযোগ স্থাপন করে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে। চুরি করা তেল মাটির নিচে বিশেষভাবে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো।
জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে। চুরি হওয়া কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।
গত ৪ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি শনাক্ত করেন। এ সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীদের বাধা দিতে দেখা যায়। ঘটনার পর মাধবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও মাটির নিচে থাকা দুটি গোপন ট্যাংক উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল) বাদী হয়ে সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৯:৪৩ ২১ বার পঠিত #অপরাধ #জিটিসিএল #তেল চুরি #মাধবপুর #মামলা #হবিগঞ্জ