
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আল-শরিফ ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তির সুযোগ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং মাস্টার্স পর্যায়ে ৬টি বৃত্তি প্রদান করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আবেদন আহ্বান করেছে।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি ১৮ নভেম্বর বেলা সাড়ে ৩টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনকারীদের আরবি ভাষায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিক্যাল সার্টিফিকেট এবং পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে জমা দিতে হবে। আবেদনপত্র সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। বিস্তারিত নির্দেশনার জন্য মিসরের দূতাবাসের গাইডলাইন অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সময়: ৯:২২:০৪ ২৪ বার পঠিত #আল-আজহার বিশ্ববিদ্যালয় #উচ্চশিক্ষা #বাংলাদেশি শিক্ষার্থী #বৃত্তি #মিসর #শিক্ষা মন্ত্রণালয়