মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

অন্যান্য দিনে বারে নাচলেও শেষ দিনে তাহসিফ দুঃখের গান বাজাতে বলেছিলেন!

প্রথম পাতা » প্রধান সংবাদ » অন্যান্য দিনে বারে নাচলেও শেষ দিনে তাহসিফ দুঃখের গান বাজাতে বলেছিলেন!
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



রাজধানীর উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে বান্ধবী জেরিকা তাসনিম দিশা ও বন্ধু শাহরিয়ার রেজা দীপের সঙ্গে ১ ঘণ্টা ২৭ মিনিট অবস্থান করেছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। রেস্টুরেন্টটিতে প্রথম তিন দিন ধুমধাড়াক্কা গানের তালে বান্ধবীকে নিয়ে নাচলেও শেষ দিনে ওয়েটারকে দুঃখের গান বাজানোর অনুরোধ করেছিলেন তিনি।

নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের মহাব্যবস্থাপক আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তাহসিফকে চার দিন রেস্টুরেন্টে দেখেছেন। প্রথম তিন দিন তিনি বিভিন্ন ধুমধাড়াক্কা গান বাজানোর অনুরোধ করতেন। এসব গানের তালে বান্ধবীকে নিয়ে নাচতেনও। তবে গত ২৭ অক্টোবর রেস্টুরেন্টে এসে আগের মতো নাচানাচি করেননি তাহসিফ। বরং সেদিন ওয়েটারকে দুঃখের গান বাজানোর অনুরোধ করেছিলেন।

বারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্বাভাবিকভাবেই সেখানে প্রবেশ করলেও কিছুক্ষণ পর দিশার সঙ্গে তার মনোমালিন্য হয়। এ সময় সাউন্ডবক্সে দুঃখের গান বাজানোর অনুরোধ করেন তাহসিফ। তার মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে রিমান্ডে দিশা ও দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

২৭ অক্টোবর রাত ১০টা ২৩ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের পার্কিংয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন তাহসিফ। সঙ্গে ছিলেন বান্ধবী দিশা। আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপ। বাইক পার্ক করে তারা লিফটে ওঠেন এবং বারে যান।

গণমাধ্যমে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ২৬ মিনিটে বারের ভেতরে প্রবেশ করেন তারা। একটি ফাঁকা টেবিলে বসার কিছুক্ষণ পর তাহসিফ ও দীপের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়। একপর্যায়ে উঠে যান দিশা। কিছুক্ষণ পর ফিরে এসে একা বসে মোবাইলে সময় কাটান তিনি। এ সময় ওয়েটারকে ডেকে সাউন্ডবক্স আনান তাহসিফ। তাকে দুঃখের গান বাজানোর অনুরোধ করেন।

এদিকে তাহসিফ হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন দিশা ও দীপ। তাদের জিজ্ঞাসাবাদে দিশার সঙ্গে তাহসিফের মনোমালিন্য এবং দীপের দেওয়া তথ্য যাচাই করে দেখছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তাহসিফ সাউরির বন্ধু দীপের বক্তব্য অসংগতিপূর্ণ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পাওয়া তথ্যগুলো আমরা ক্রসচেক করে দেখছি। ধাপে ধাপে সব বিষয়ের তদন্ত চলছে।’

রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আশা করছে নৌ-পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩২   ২২ বার পঠিত   #  #  #  #  #  #  #