রবিবার, ১ নভেম্বর ২০২৬

বেকারত্বে অলস দেশের ১ কোটি ৫ লাখ তরুণ-তরুণী

প্রথম পাতা » জাতীয় » বেকারত্বে অলস দেশের ১ কোটি ৫ লাখ তরুণ-তরুণী
রবিবার, ১ নভেম্বর ২০২৬



দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি যুবসমাজ হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং দক্ষতার ঘাটতিতে তরুণ জনশক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৪ অনুযায়ী, দেশের ১ কোটি ৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী বর্তমানে কোনো প্রকার অর্থনৈতিক উৎপাদনে অংশ নিতে পারছেন না। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সি বেকার যুবকের সংখ্যা ২০ লাখ। এছাড়া আরও ৮৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন। এই নিষ্ক্রিয় তরুণদের মধ্যে প্রায় ৫৮ শতাংশ শহরাঞ্চলে বাস করেন এবং নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

বেকারত্বের বোঝা সবচেয়ে বেশি উচ্চশিক্ষিতদের ওপর। মোট বেকারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৮ লাখ ৮৫ হাজার। শ্রমবাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের অসামঞ্জস্য এবং কর্মমুখী শিক্ষার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে। জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৩.৬৬ শতাংশ হলেও যুব শ্রমশক্তির ক্ষেত্রে শহরাঞ্চলে এই হার ১১.৬ শতাংশ।

এমন বাস্তবতায় আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য-‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, যুব মেলা ও ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমান সরকারের অগ্রাধিকারে রয়েছে কর্মসংস্থান। ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি ও কেয়ারগিভার প্রশিক্ষণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশিক্ষিত যুবকদের বিনা জামানতে ঋণ প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৪   ২০ বার পঠিত   #  #  #  #  #  #