রবিবার, ১ নভেম্বর ২০২৬

রাজশাহী বোর্ডের ৩৯টি কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী বোর্ডের ৩৯টি কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি
রবিবার, ১ নভেম্বর ২০২৬



রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শনিবার বেলা ১১টায় ফলাফল ঘোষণার সময় বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এ তথ্য জানান।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। পাসের হার ৪৫.০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ১৩৭ জন। এ বছর রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে মাত্র ৯টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছেন। অধ্যাপক ইফফাত জেরীন জানান, এ বছর খাতা মূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কম থাকায় পাসের হার কমেছে।

বাংলাদেশ সময়: ৭:৪৬:০৮   ২২ বার পঠিত   #  #  #  #  #