কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা কৃষ্ণসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, যা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শনিবার তুরস্কের ইস্তাম্বুলে কর্মসফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তার সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
বৈঠকে কৃষ্ণসাগরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সামুদ্রিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও জোরদার প্রচেষ্টার বিষয়েও কথা বলেন দুই নেতা।
যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বেসামরিক জাহাজে হামলা কৃষ্ণসাগরে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতি কারও জন্যই কল্যাণকর হবে না।
ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে তুরস্ক সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত বলে জানান এরদোয়ান।
তিনি বলেন, আঙ্কারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আগ্রহী। এ ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
যুদ্ধের মধ্যেও ইউক্রেনে কার্যক্রম অব্যাহত রাখা তুর্কি কোম্পানিগুলোর ভূমিকাও তুলে ধরেন এরদোয়ান।
তিনি জানান, ২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরও যেসব তুর্কি প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছে, দেশটির যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়ায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আনাদুলু
বাংলাদেশ সময়: ৭:৪৫:৩১ ২২ বার পঠিত #এরদোয়ান #কারও #জন্য #জাহাজে #নয়: #বেসামরিক #মঙ্গলজনক #হামলা