শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে শুক্রবার এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  • তদন্ত কমিটির সভাপতি: বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)।
  • সদস্যসচিব: ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
  • অন্যান্য সদস্য: চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ফ্লাইটটির (বিজি ৩৭৭) কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটন, ত্রুটি শনাক্তকরণ ও নিরসনে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, ফ্লাইট বিলম্বের প্রভাব নিরূপণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা বা সমন্বয়হীনতা যাচাই করা। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে। চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর রাত ১১টার দিকে ফ্লাইটটি যাত্রা করে এবং দিবাগত রাত পৌনে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৯   ১৯ বার পঠিত   #  #  #  #  #