বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুরের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পাঁচ জেলার জেলা প্রশাসকদের হলফনামা আকারে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।
আদালত একই সঙ্গে পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট ও দখল বন্ধে ১৫ দিনের মধ্যে সাত সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।
রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, রেকর্ডে থাকা পুকুরগুলো যাতে কেউ দখল বা ভরাট করতে না পারে, সে বিষয়ে মনিটরিং কমিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে ২০০০ সালের জলধার সংরক্ষণ আইনের ৬ ধারা অনুসারে বৈশিষ্ট্য পরিবর্তন করা পুকুর এই তালিকার অন্তর্ভুক্ত হবে না। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে বিবাদীদের কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এই রিটটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৭ ১১ বার পঠিত #জলাশয় সংরক্ষণ #জেলা প্রশাসন #পরিবেশ #পুকুর #রিট #হাইকোর্ট