আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হবে এবং তা ১৫ মার্চ পর্যন্ত চলবে। পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। প্রতিটি পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি প্রদান করতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজের চলাচল অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরকে ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত চার বছর ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধপরিস্থিতি, নাফ নদীতে গুলিবর্ষণ ও অপহরণের মতো নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুটে পর্যটন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪১ ১১ বার পঠিত #পরিবেশ মন্ত্রণালয় #পর্যটক #পর্যটন #বাংলাদেশ #সেন্ট মার্টিন