নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন। তিনি এই মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে তিনি সশরীরে আদালতে হাজির হন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই মামলায় মোট ৯৯ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আদালত পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাবেক মেয়র আইভীকে জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২০:৩৮:২৩ ২১ বার পঠিত #আদালত #জামিন #তুহিন হত্যা মামলা #নারায়ণগঞ্জ #সিদ্ধিরগঞ্জ #সেলিনা হায়াৎ আইভী