পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ ৮ আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত বরাদ্দকৃত দুটি প্লট বাতিল এবং প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। মামলার অপর দণ্ডিত আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার এবং প্লট গ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজ। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করে প্রতারণার আশ্রয় নেন। জামানত প্রত্যাহার ও আবেদন বাতিল হওয়ার পরও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার জন্য ওই দুই ব্যক্তিকে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।
বাংলাদেশ সময়: ২০:৩১:৩৯ ১৮ বার পঠিত #আদালত #ইকবাল উদ্দিন চৌধুরী #কারাদণ্ড #দুদক #দুর্নীতি #প্লট বরাদ্দ #রাজউক