মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৭০

প্রথম পাতা » প্রধান সংবাদ » হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৭০
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন মারা গেছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ৬৬ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭০। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জন, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩৯ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও, হামের উপসর্গে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট ও দুজন চট্টগ্রাম বিভাগের। জনস্বাস্থ্যবিদেরা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা দেওয়ার কাজে চরম অবহেলাকে এই প্রাদুর্ভাবের প্রধান কারণ বলে মনে করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল থেকে মে মাসজুড়ে গণটিকাদান চললেও প্রায় ৪০ লাখ শিশু সেই কার্যক্রম থেকে বাদ পড়েছিল।

বাংলাদেশ সময়: ২০:৩১:০০   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #