রাজধানী ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে সরকার বাস রুট পুনর্বিন্যাসের মাধ্যমে মহানগরীর ৩২টি রুটে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। বিদ্যমান ৪১৮টি অনুমোদিত রুটের মধ্যে বর্তমানে সচল ৯৮টি রুটকে সমন্বয় করে এই ৩২টি রুটে রূপান্তর করা হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে নির্দিষ্ট একটি কোম্পানির বাস চলবে এবং বাসের ফিটনেস, চালকদের আচরণ ও ট্রাফিক আইন মেনে চলার দায়ভার সংশ্লিষ্ট কোম্পানির ওপর থাকবে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিকভাবে দুটি রুটে এই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে এবং ছয় মাসের মধ্যে পুরো কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে নির্দিষ্ট বাস স্টপেজ নির্মাণ, ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী সাত কার্যদিবসের মধ্যে স্টপেজের তালিকা জমা দিতে বলা হয়েছে। এছাড়া ফিটনেসবিহীন ও জরাজীর্ণ বাস মেরামতের জন্য মালিকদের দুই মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি বিআরটিসির বৈদ্যুতিক বাস চালুর বিষয়েও আলোচনা হয়েছে। ২০২৭ সালের ১৫ এপ্রিলের মধ্যে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৪:৫৬ ১৩ বার পঠিত #গণপরিবহন #ঢাকা #পরিবহন ব্যবস্থা #বাস রুট #বিআরটিসি #সড়ক নিরাপত্তা #সিটি করপোরেশন