বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ আগামী ১২ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশন জানায়, এ মামলায় আজ রাষ্ট্রপক্ষে দশম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল এবং সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিতও ছিলেন। তবে অন্য একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য থাকায় প্রসিকিউশন সময় প্রার্থনা করলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। গত ১০ মে ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আসামিদের উসকানি ও প্ররোচনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফায়াজসহ ৯ জন নিহত হন।

মামলায় বর্তমানে চারজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—নাঈমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। এছাড়া নানক ও তাপসসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২০   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #