তুরস্কের আইজিএ ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বেশি ভালো যোগাযোগ-ব্যবস্থা সম্পন্ন বিমানবন্দর হিসেবে লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলেছে। বৈশ্বিক ভ্রমণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির ২০২৬ সালের ‘মেগাহাবস ইনডেক্স’-এ শীর্ষস্থান দখল করেছে ইস্তাম্বুল বিমানবন্দর। বিশ্বের বড় বিমানবন্দরগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের নির্ধারিত সংযোগ এবং গন্তব্যের সংখ্যার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে।
ওএজির প্রধান বিশ্লেষক জন গ্রান্ট জানান, ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের এক নম্বর অবস্থান অর্জন করেছে এবং আগামী বছরগুলোতে এর অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিমানবন্দরটি বিশ্বের প্রায় ৩৫০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৮ সালে প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরের টার্মিনালের আয়তন প্রায় ১৪ লাখ বর্গমিটার, যা এক ছাদের নিচে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল।
প্রতি বছর ৮ কোটি ৪০ লাখের বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। বর্তমানে এটি বিশ্বের অষ্টম ব্যস্ততম বিমানবন্দর হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাত্রী ধারণক্ষমতা বছরে ২০ কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন জানান, বর্তমানে বিমানবন্দরটির সম্প্রসারণ কাজ চলছে এবং সম্প্রতি এর চতুর্থ প্রধান রানওয়ে চালু হয়েছে। শেষ পর্যন্ত মোট নয়টি রানওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে।
এই সাফল্যের পেছনে টার্কিশ এয়ারলাইনসের বড় ভূমিকা রয়েছে, যাদের প্রায় ৮০ শতাংশ ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর থেকে পরিচালিত হয়। আধুনিক উড়োজাহাজ ব্যবহার এবং ভৌগোলিক অবস্থানের কারণে ইস্তাম্বুল বৈশ্বিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়া টার্কিশ এয়ারলাইনসের ‘স্টপওভার’ কর্মসূচি যাত্রীদের কাছে বিমানবন্দরটির আকর্ষণ আরও বাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১১:৩৮ ২০ বার পঠিত #আন্তর্জাতিক সংবাদ #ইস্তাম্বুল বিমানবন্দর #ওএজি #টার্কিশ এয়ারলাইনস #তুরস্ক #বিমান চলাচল #লন্ডন হিথ্রো