নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে চুল্লি বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকেরা হলেন সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, সজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। সজীব সরকারের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুল্লি থেকে গরম লোহা নিচে পড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে, তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৫৮ ১৪ বার পঠিত #দুর্ঘটনা #নারায়ণগঞ্জ #প্রিমিয়ার স্টিল রোলিং মিল #বিস্ফোরণ #রূপগঞ্জ #শ্রমিক