ইরাক যুদ্ধের সময় বাগদাদে এক পরিবারের ওপর গুলি চালানোর প্রায় এক দশক পর সেই পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন মেরিন লু লোবেলো। ২০০৩ সালের এপ্রিলে বাগদাদে মার্কিন মেরিন ও ইরাকি বাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে জেমস কাচাদুরিয়ান এবং তাঁর দুই ছেলে নিকোলাস ও এডমন্ড নিহত হন। পরিবারের আরেক সদস্য নোরা কাচাদুরিয়ান গুলিবিদ্ধ হন। প্রায় ১০ বছর পর, ২০১২ সালে ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে বসবাসরত মার্গারেট ও তাঁর মেয়ে নোরার সঙ্গে দেখা করে ক্ষমা চান লোবেলো। এই ঘটনাটি সাংবাদিক ডেক্সটার ফিলকিন্সের ২০১২ সালের দ্য নিউ ইয়র্কার প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিড ভ্যান ডাইক নির্মাণ করেছেন চলচ্চিত্র অ্যাটোনমেন্ট। ছবিতে কেনেথ ব্রানা, হিয়াম আব্বাস ও বয়েড হলব্রুক অভিনয় করেছেন। নির্মাতা ভ্যান ডাইক জানিয়েছেন, যুদ্ধের জয়-পরাজয়ের চেয়ে এই ছবিতে যুদ্ধের পর মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সেই দূরত্ব পেরিয়ে একে অপরের মুখোমুখি হওয়ার মানবিক দিকটিই প্রাধান্য পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩১ ২০ বার পঠিত #অ্যাটোনমেন্ট #ইরাক যুদ্ধ #ক্ষমা #চলচ্চিত্র #রিড ভ্যান ডাইক #লু লোবেলো