ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশা বহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। তবে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীর ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১ সেপ্টেম্বর একই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি রায়ের পর্যায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদেশ দিয়েছিলেন। মামলার অপর আসামিরা হলেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব। আসামিদের মধ্যে সোহেল রানা জামিনে থাকলেও হত্যা মামলায় কারাগারে রয়েছেন। আসামি মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকে পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ২১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৫ ১৭ বার পঠিত #আদালত #দুদক #মামলা #রানা প্লাজা #সাভার #সোহেল রানা