ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখল এবং হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন সামরিক অভিযান শুরু হয়েছে। ‘ডন অফ ইয়েমেন’ বা ‘ইয়েমেনের নবসূচনা’ নামের এই অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি।
ঈশ্বরের সহায়তা, আমাদের জনগণের দৃঢ় সংকল্প, সশস্ত্র বাহিনী ও সব সামরিক ইউনিটের সাহসিকতা এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ও বন্ধুরাষ্ট্রগুলোর সমর্থনের মধ্য দিয়ে ইয়েমেন স্বাধীনতা, শান্তি ও স্থিতিশীলতার এক নতুন ভোরের দিকে এগিয়ে যাবে।
আল-আলিমি জানান, অভিযানের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরুদ্ধার, রাজধানী সানাকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং ২০১৪ সাল থেকে চলমান হুথি বিদ্রোহের অবসান ঘটানো। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী, যারা ‘আনসারুল্লাহ’ নামেও পরিচিত, ২০১৪ সালে জোরপূর্বক রাজধানী সানা দখল করে নেয়। এরপর থেকে তারা রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিকল্প শাসনব্যবস্থা গড়ে তোলে। বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণ ইয়েমেনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে রয়েছে। পাশাপাশি, গত মাসে লোহিত সাগর উপকূলের কয়েকটি কৌশলগত এলাকাতেও তাদের নিয়ন্ত্রণ বিস্তৃত হয়েছে বলে দাবি করা হয়েছে। সৌদি আরব-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের নেতৃত্বে ইয়েমেন সরকার এখন হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক পদক্ষেপ জোরদার করার ঘোষণা দিয়েছে। এই অভিযান সফল হলে দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও রাজনৈতিক সংকটে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:২২ ১১ বার পঠিত #আন্তর্জাতিক সংবাদ #ইয়েমেন #মধ্যপ্রাচ্য #সানা #সামরিক অভিযান #হুথি