স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ক্ষেত্রে দীর্ঘদিনের বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পথ খুলে গেল।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে এ–সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ।
চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
বিএসইসির ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
আইপিও ছাড়াই তালিকাভুক্তির সুযোগ
সাধারণত কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে নতুন শেয়ার বিক্রি করে। তবে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে নতুন করে আইপিও না করে কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকে।
অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কোনো কোম্পানি আইপিও প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েও শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে।
তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিকে কী কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। চিঠিতে মূলত ২০২০ সালে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিএসইসির খসড়া বিধিমালায় ১০-২০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব
সরাসরি তালিকাভুক্তির সুযোগ চালুর বিষয়ে সম্প্রতি একটি খসড়া বিধিমালা অনুমোদন করেছে বিএসইসি। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়ায় নির্দিষ্ট শর্তে আইপিও ছাড়াই কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের ১০ থেকে ২০ শতাংশ বিক্রির মাধ্যমে সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার কথা বলা হয়েছে।
বিএসইসির ওয়েবসাইটেও ‘ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ রুলস, ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়াটির ওপর মতামত দেওয়ার শেষ সময় ছিল গত ১৫ সেপ্টেম্বর।
ফলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সরাসরি তালিকাভুক্তির কার্যকর প্রক্রিয়া নির্ধারণে বিএসইসির প্রস্তাবিত বিধিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৭:১২ ১২ বার পঠিত #উঠল #তালিকাভুক্তির #পুঁজিবাজারে #বাধা #সরাসরি