দেশের সরকারি হাসপাতালগুলোতে স্থাপিত ৯৯টি অক্সিজেন প্লান্টের মধ্যে ৬১টি বর্তমানে অকার্যকর। বর্তমানে মাত্র ৩৮টি প্লান্ট সচল রয়েছে। এই অকার্যকর অবস্থার কারণে সরকারকে সিলিন্ডার বা তরল অক্সিজেন কিনতে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। রাজধানীর ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’-এ উপস্থাপিত পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
ইউএনওপিএস-এর তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) মাধ্যমে স্থাপিত ৭০টি প্লান্টের মধ্যে মাত্র ৯টি বর্তমানে চালু রয়েছে। বাকি ৬১টির মধ্যে ৩১টি কারিগরিভাবে অচল এবং ৩০টি সচল থাকলেও নিয়মিত পরিচালিত হচ্ছে না।
সরকারি প্লান্টগুলো অকার্যকর থাকার পেছনে দক্ষ জনবল ও রক্ষণাবেক্ষণের ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে স্থায়ী বাজেট ও কারিগরি টেকনিশিয়ান না থাকায় হাসপাতালের সাধারণ কর্মীদের দিয়ে প্লান্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্থাপিত ২৯টি প্লান্টের কারিগরি জনবলের বেতন সহায়তার মেয়াদ শেষ হওয়ায় সেগুলোও ঝুঁকির মুখে রয়েছে। সম্মেলনে অক্সিজেন ব্যবস্থাকে টেকসই করতে অচল প্লান্ট মেরামত, দক্ষ অপারেটর নিয়োগ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জাতীয় পর্যায়ে সমন্বিত তথ্যব্যবস্থা বা ড্যাশবোর্ড চালুর সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:১১ ১১ বার পঠিত #অক্সিজেন প্লান্ট #চিকিৎসা সরঞ্জাম #বাংলাদেশ #স্বাস্থ্য অধিদপ্তর #স্বাস্থ্যসেবা #হাসপাতাল