জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে। সোমবার (৫ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ উপলক্ষে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের নামে কমিটি করে যে নাটক মঞ্চস্থ করছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংশোধন নয়, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৩১ অক্টোবর গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলিয়করণ বন্ধের দাবিতে ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লংমার্চ অনুষ্ঠিত হবে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতার ও তার প্রতি দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া কুষ্টিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনারও নিন্দা জানানো হয়। বৈঠকে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৪ ১১ বার পঠিত #গণভোট #জামায়াতে ইসলামী #জুলাই গণহত্যা #মিয়া গোলাম পরওয়ার #রাজনীতি #লংমার্চ #সংবিধান সংশোধন