আন্তর্জাতিক ক্রিকেটের খেলায় ১ অক্টোবর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন কার্যকর হয়েছে। সময় নষ্ট রোধ, বলের মাপ ও ওজন নির্ধারণ, ফিল্ডিংয়ের নিয়ম স্পষ্ট করা এবং ম্যাচের গতি বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই পরিবর্তনগুলো এনেছে। আইসিসি জানিয়েছে, ১ অক্টোবর ২০২৬ বা এর পর শুরু হওয়া সব আন্তর্জাতিক সিরিজে এই নিয়মগুলো কার্যকর হবে। তবে এর আগে শুরু হওয়া সিরিজগুলো পুরোনো নিয়মেই শেষ হবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। নতুন নিয়মগুলোর মধ্যে রয়েছে:
- ব্যাটারদের সময় নষ্টে শাস্তি: নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটার বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হবে এবং তৃতীয়বার থেকে প্রতিবার এমন হলে ফিল্ডিং দল ৫ রান পাবে।
- নারী ও জুনিয়র ক্রিকেটে বলের মাপ: নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের মাপ ও ওজনের ক্ষেত্রে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।
- ওভারথ্রো নিয়ে স্পষ্ট নিয়ম: স্টাম্প লক্ষ্য করে বল ছুড়ে রান আটকানোর চেষ্টায় বল অন্যদিকে চলে গেলে তা ওভারথ্রো হিসেবে গণ্য হবে। তবে বল থামাতে গিয়ে বা অন্য ফিল্ডারের কাছে পাঠাতে গিয়ে ভুল হলে তা ওভারথ্রো হিসেবে ধরা হবে না।
- আম্পায়ারের ক্ষমতা: বল ‘ডেড’ হওয়ার বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।
- রানআউট ও স্টাম্পিং: রানআউট বা স্টাম্পিংয়ের সময় ফিল্ডারের হাতে বলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে।
- খারাপ আলোয় গোলাপি বল: দিনের টেস্টে খারাপ আলোয় খেলা ব্যাহত হওয়া কমাতে দুই দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
- দিনের শেষ ওভারে উইকেট: দিনের শেষ ওভারে উইকেট পড়লেও খেলার পরিবেশ অনুকূল থাকলে ওই ওভারের বাকি বলগুলো শেষ করতে হবে।
- টি-টোয়েন্টিতে বিরতি: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইনিংসের মাঝের বিরতি ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে, যা সময় নষ্ট হলে সর্বনিম্ন ১০ মিনিট পর্যন্ত কমানো যাবে।
- ড্রিংকস ব্রেক: ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ড্রিংকস ব্রেকের সময় হেড কোচ বা তার প্রতিনিধি মাঠে প্রবেশ করতে পারবেন।
- ওয়াইডের নিয়ম: বল করার মুহূর্তে ব্যাটারের পায়ের অবস্থানকে ওয়াইড নির্ধারণের মাপকাঠি হিসেবে স্থায়ী করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৬ ১০ বার পঠিত #আইসিসি #ওয়ানডে #ক্রিকেট #টি-টোয়েন্টি #টেস্ট ক্রিকেট #নিয়ম #সৌরভ গাঙ্গুলী