সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রপথে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পড়া একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়ায় পাচারের শিকার ভুক্তভোগী এবং ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সহায়তার জন্য ট্রলারটির কাছে গেলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১-এর লোকজন।
নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল। নৌবাহিনীর দ্রুত অভিযানের ফলে বড় ধরনের প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৫ ১০ বার পঠিত #উদ্ধার অভিযান #নৌবাহিনী #বাংলাদেশ #মানবপাচার #সেন্টমার্টিন