বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তি ও বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তি ও বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক এক স্কুল শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জানা যায়, ওই শিক্ষকের মন্তব্যের জেরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের পর পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ পরে ওই শিক্ষককে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেয়। মাহ্‌দী আমিনের পোস্টে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মনে করেন, মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও মতামত তাঁর নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি এবং ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩৭   ৬ বার পঠিত   #  #  #  #  #  #