
ভারতের মুম্বাইয়ে ২ অক্টোবরের সমাবেশের অনুমতি না পাওয়ায় ‘জেল ভরো’ আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে এই কর্মসূচি পালন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল দলটি। তবে মুম্বাই পুলিশ আদালতের নির্দেশনা, শব্দদূষণ ও যানজটের আশঙ্কায় এই অনুমতি দেয়নি। পুলিশের সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপকে জানান, প্রতিবাদের অধিকার বাধাগ্রস্ত হলে ২ অক্টোবর থেকে সিজেপি ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে এবং পরবর্তীতে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। সিজেপির আন্দোলনের মূল কারণ নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)। গত ২৪ সেপ্টেম্বর দলটি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে দুই নির্বাচন কমিশনার—সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী—১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন এবং কমিশনের কিছু সিদ্ধান্ত তাঁদের অবহিত না করেই নেওয়া হয়েছিল। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিজেপি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর স্থগিত, ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৯:১২ ১০ বার পঠিত #আন্দোলন #নির্বাচন কমিশন #ভারত #মুম্বাই #রাজনীতি #সিজেপি