বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ

প্রথম পাতা » চাকরি » জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে বর্তমানে দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় সাড়ে ৬ লাখ পদ শূন্য রয়েছে। বিশ্বখ্যাত অভিবাসন ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান দুবাইয়ে আয়োজিত এক সম্মেলনে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পুরো ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৩০ লাখ দক্ষ কর্মীর প্রয়োজন, যার ২৫ শতাংশই জার্মানির চাহিদা।

জার্মানিতে চাকরি খোঁজার জন্য ‘অপরচুনিটি কার্ড’ বা ‘চান্সেনকার্টে’ একটি জনপ্রিয় মাধ্যম। ইইউ-বহির্ভূত দেশের নাগরিকেরা এই কার্ডের মাধ্যমে আগাম চাকরির চুক্তি ছাড়াই সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে অবস্থান করতে পারেন। পয়েন্টভিত্তিক পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স ও ভাষাগত দক্ষতার ওপর ভিত্তি করে এই কার্ড প্রদান করা হয়। কার্ড নিয়ে যাওয়ার পর খণ্ডকালীন কাজের সুযোগ থাকে এবং পূর্ণকালীন চাকরি নিশ্চিত হলে স্থায়ী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা সম্ভব।

উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের জন্য রয়েছে ‘ইইউ ব্লু কার্ড’। যোগ্যতার স্বীকৃতি ও নির্দিষ্ট বেতনের চাকরির প্রস্তাব থাকলে এই কার্ডের জন্য আবেদন করা যায়। শর্ত পূরণ সাপেক্ষে ব্লু কার্ডধারীরা ২৭ মাসের মধ্যে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে পারেন, যা জার্মান ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকলে ২১ মাসে নেমে আসে।

ক্লিন্ট খান পরামর্শ দেন, বিদেশে যাওয়ার আগে নিজের লক্ষ্য নির্ধারণ করা জরুরি। শুধু পড়াশোনা নাকি স্থায়ী বসবাস—সেটি শুরুতেই পরিষ্কার থাকা উচিত। জার্মানি ছাড়াও অস্ট্রেলিয়া ও কানাডাতেও দক্ষ অভিবাসনের সুযোগ রয়েছে, তবে যেকোনো সিদ্ধান্তের আগে নিজের বাজেট ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮:২০:১২   ১২ বার পঠিত   #  #  #  #  #  #  #