গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও শান্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে পাঁচ শতাধিক গণপরিবহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকেরা। এর পরিবর্তে সহনীয় ও শ্রুতিমধুর হর্ন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাড়ির হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে শব্দদূষণ অনেকটাই কমানো সম্ভব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি আরও জানান, এখন থেকে প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও চালকেরা সম্মত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত দুই মাসে প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়। সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৫২:১৭ ৪ বার পঠিত #গাজীপুর #গাজীপুর মেট্রোপলিটন পুলিশ #জেলা প্রশাসন #পরিবহন #শব্দদূষণ #হাইড্রোলিক হর্ন