বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



দেশের বিচারিক ব্যবস্থায় মামলার পাহাড় জমেছে, যার ফলে বিচারপ্রার্থীরা দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন। সুপ্রিম কোর্টের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি। এর মধ্যে অধস্তন আদালতে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি এবং সুপ্রিম কোর্টে সাত লাখ ১৩ হাজার ৪৮৯টি মামলা ঝুলে আছে।

বিচারপ্রার্থী মানুষের জীবনের নির্মম বাস্তবতা হলো—‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’।

সোনালী ব্যাংকের কর্মী হরেন্দ্রনাথ চন্দ্রর অর্থ আত্মসাতের মামলাটি এর একটি উদাহরণ, যেখানে চূড়ান্ত বিচার পেতে তাকে টানা চার দশক আইনি লড়াই করতে হয়েছে। এছাড়া শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসী শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দণ্ডিত কান্তি মারাক কারাগারে মারা যাওয়ার পাঁচ বছর পর তার মৃত্যুদণ্ড বহালের রায় প্রত্যাহার করতে হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, প্রচলিত বিচারব্যবস্থায় এই বিশাল মামলাজট নিরসন অসম্ভব। তিনি কম সাজার ফৌজদারি মামলা আপসযোগ্য করা, দেওয়ানি মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা এবং মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধের ওপর জোর দিয়েছেন। বিচার বিভাগ সংস্কার কমিশন ও আইন কমিশন মামলাজট নিরসনে বিচারক সংখ্যা বাড়ানো, অবসরপ্রাপ্ত বিচারকদের চুক্তিভিত্তিক নিয়োগ এবং তথ্য-প্রযুক্তির ব্যবহারের সুপারিশ করেছে। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির গতি কিছুটা বেড়েছে, যা প্রধান বিচারপতির বিশেষ পদক্ষেপের ফল বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪২:৪১   ৭ বার পঠিত   #  #  #  #  #  #  #