বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকাকে ভুলে যেতে কতদিন সময় লাগে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা পরিচালনা করেছেন। সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৩০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক অংশ নেন, যাদের অন্তত দুই বছর স্থায়ী সম্পর্ক কয়েক বছর আগে শেষ হয়েছিল। গবেষণার তথ্য অনুযায়ী, সাবেক সঙ্গীর প্রতি আবেগ অর্ধেকে নেমে আসতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। আর আবেগগতভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হতে সময় লাগে গড়ে প্রায় আট বছর। গবেষণায় আরও দেখা গেছে, বিচ্ছেদের পরও সাবেক সঙ্গীর সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলে আবেগ কাটিয়ে ওঠার প্রক্রিয়া ধীর হতে পারে। তবে নতুন সম্পর্কে জড়ালেই যে পুরোনো সম্পর্ক দ্রুত ভুলে যাওয়া যাবে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া উদ্বেগপ্রবণতা বেশি এমন ব্যক্তিদের ক্ষেত্রে সাবেক সঙ্গীকে ভুলতে তুলনামূলক বেশি সময় লেগেছে। অন্যদিকে, যেসব সাবেক দম্পতির সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে আবেগের বন্ধন বেশি থাকলেও দীর্ঘমেয়াদে তা তুলনামূলক দ্রুত কমে আসতে পারে।
বাংলাদেশ সময়: ২২:২২:৫১ ১৩ বার পঠিত #আবেগ #গবেষণা #বিচ্ছেদ #মনস্তত্ত্ব #সম্পর্ক