আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার ও সোমবার (২৭-২৮ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দুই দিনে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। রোববার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং সোমবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
বাংলাদেশ সময়: ২২:২৩:৩৯ ১২ বার পঠিত #আবহাওয়া #আবহাওয়া অধিদপ্তর #তাপমাত্রা #বজ্রপাত #বৃষ্টি