হোয়াটসঅ্যাপে অভিনব প্রতারণা, অর্থ-তথ্য চুরি

প্রথম পাতা » অপরাধ » হোয়াটসঅ্যাপে অভিনব প্রতারণা, অর্থ-তথ্য চুরি
রবিবার, ১২ জুলাই ২০২৬



হোয়াটসঅ্যাপে অভিনব প্রতারণা, অর্থ-তথ্য চুরি

এক বছর আগের ঘটনা। আহমেদ আবিদুর রাজ্জাক খানের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এক ব্যক্তি পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। তিনি বলেন, ‘আপনার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন নম্বরে পুলিশের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’ এ কথা শুনে ভীত হয়ে কলদাতার নির্দেশনা অনুযায়ী হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে একটি অপশন চালু করেন রাজ্জাক। পরে তাঁকে এক ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ রাখতে বলা হয়। পুনরায় অ্যাকাউন্ট চালুর পর তিনি বুঝতে পারেন, হোয়াটসঅ্যাপ হ্যাক করে বন্ধু ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

আবিদুর রাজ্জাক বলেন, গত বছরের ১০ জুলাই আমার সঙ্গে এ ঘটনা ঘটে। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। তখন আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারি। পরে রাজধানীর কলাবাগান থানায় মামলা করি। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, এসব ঘটনায় জড়িতরা সক্রিয় অনলাইন প্রতারক চক্রের সদস্য। তারা একই কৌশলে হোয়াটসঅ্যাপে কল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সশস্ত্র বাহিনীর সদস্য, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয়েও ফোন করে সাধারণ মানুষের কাছ থেকে ওটিপি, পিন, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য হাতানোর কৌশল নিয়েছে প্রতারক চক্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ভুয়া পুলিশ পরিচয়ে বা সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, মোবাইল অপারেটরের প্রতিনিধি ও অন্যান্য পরিচয়ে প্রতারণার ঘটনায় প্রায় ২০টি মামলা হয়েছে। তবে অধিকাংশ ভুক্তভোগী মামলা করতে চান না। প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করে। প্রতি মাসে এ ধরনের ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০টি জিডি করা হয়।

প্রতারকদের কল পাওয়া অন্তত আটজনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ, সেনা কর্মকর্তার পোশাক পরিহিত ছবিযুক্ত হোয়াটঅ্যাপ নাম্বার থেকে কল আসে। কলে নিজের পরিচয় দিয়ে বলা হয়, ‘ঊর্ধ্বতন পুলিশ বা সেনা কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন কীভাবে? আপনার নম্বর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার নম্বরে আপত্তিকর মেসেজ যাচ্ছে।’ এতে বিচলিত হয়ে ‘কী করতে হবে’ জানতে চাইলে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে বলে প্রতারক। পরে হোয়াটসঅ্যাপ বন্ধ করার ভয় দেখিয়ে ওটিপি নিয়ে নেয় প্রতারকরা। তবে প্রতারণার শিকার ব্যক্তিদের কেউই মামলা বা জিডি করেননি।

গত মে মাসে কামরুল হাসান নামে এক গণমাধ্যমকর্মীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে ‘সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা’ পরিচয় দেন একজন। কলদাতা জানতে চান, ‘তিনি কীভাবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন এবং সেখানে আপত্তিকর বার্তা পাঠাচ্ছেন?’ এতে কিছুটা বিচলিত হয়ে পড়েন কামরুল। তবে বিষয়টি তাঁর সন্দেহজনক মনে হলে কল কেটে দেয় প্রতারক।

পুলিশ বলছে, আগে সাধারণ ফোনকলের মাধ্যমে প্রতারণা করা হতো। এখন বিশ্বাসযোগ্যতা তৈরি ও ভয় দেখাতে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে পুলিশ, সশস্ত্র বাহিনী বা সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করে প্রতারণার ঘটনা বেড়েছে। কখনও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ, আবার কখনও সরকারি তদন্তের কথা বলে ভয় দেখিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের প্রতারকরা প্রথমে ওটিপি নিয়ে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটা করতে না পারলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ হ্যাক করে পরিচিতজনদের কাছে অর্থ দাবি করে। নতুন এ চক্রের একটি বড় অংশ নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা বলে তদন্তে উঠে এসেছে।

‎ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ কখনো ফোন করে কোনো নাগরিকের ওটিপি, পিন, পাসওয়ার্ড বা ব্যাংকিং-সংক্রান্ত তথ্য জানতে চায় না। কেউ পুলিশ পরিচয়ে এসব তথ্য চাইলে তাৎক্ষণিক সতর্ক হতে হবে। কোনো তথ্য না দিয়ে সংশ্লিষ্ট থানা বা সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি জানাতে হবে।’

সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ‘প্রতারকরা ভয় বা বিভ্রান্তি সৃষ্টি করে ওটিপি, পিন, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্যসহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই অপরিচিত ফোনকল, এসএমএস বা অনলাইন বার্তায় কখনোই সংবেদনশীল তথ্য শেয়ার করা উচিত নয়।

তিনি বলেন, ‘কেউ নিজেকে কোনো প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার প্রতিনিধি পরিচয় দিলে তার পরিচয় যাচাই করে সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা উচিত। সচেতনতাই প্রযুক্তিনির্ভর প্রতারণা থেকে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়।’

বাংলাদেশ সময়: ২:০৮:৩১   ২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


১০ বছরে ছয়বার গ্রেপ্তার, তবুও বন্ধ হয়নি মাদক কারবার
হোয়াটসঅ্যাপে অভিনব প্রতারণা, অর্থ-তথ্য চুরি
ইরান থেকে ফিরে যমজ ভাইয়ের সিসা কারবার
রাজবাড়ীতে ৩লক্ষ টাকার উপরে হিরোইনসহ দুই নারী গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের উপর আক্রমণ মামলার প্রধান আসামি ফয়সাল র‌্যাবের হাতে গ্রেফতার
পাকুন্দিয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখমের মামলায় ১৫ দিনেও গ্রেফতার নেই
জীবননগরে পিংকি হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

Law News24.com News Archive

আর্কাইভ