![]()
এনবিআরের সাবেক কর্মকর্তা ও আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মূল হোতা মতিউর রহমানের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ আগামী ১১ মে এই শুনানির তারিখ নির্ধারণ করেন।
মতিউর রহমানের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিটে বলা হয়েছে—মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এ ছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। প্রথম মামলায় মতিউরের বিরুদ্ধে মোট ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়, যার চার্জশিট ইতিমধ্যে অনুমোদিত হয়েছে।
দ্বিতীয় মামলায় মতিউরের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকেও আসামি করা হয়েছে।
সেখানে ১ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ এবং পৌনে ৩ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এই মামলার তদন্ত এখনো চলমান।
২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০:৫২:৫০ ১২ বার পঠিত