
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায় শুক্রবার রাত পৌনে আটটার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৭ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করলে রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা-পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুর করেন, এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে রাত সাড়ে নয়টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৭:২০:৩৫ ১১ বার পঠিত #অগ্নিসংযোগ #চট্টগ্রাম #মহাসড়ক অবরোধ #সড়ক দুর্ঘটনা #সাতকানিয়া