
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রিদুয়ানুল হক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এই মামলায় দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তবে আইসিটি আদালতে মামলা থাকা এবং অন্য মামলায় রিমান্ড ও হাজিরা থাকায় তদন্তকারী কর্মকর্তা তখন তাকে রিমান্ডে নিতে পারেননি। চলতি বছরের অক্টোবর মাসে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড কার্যকর করার আবেদন করলে আদালত ১৫ কার্যদিবসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী গত বুধবার তাকে রিমান্ডে নেওয়া হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় তার বাবা আবু বক্কর শিকদার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৯:০১:৫৫ ৮ বার পঠিত #আদালত #কারাগার #দীপু মনি #বাড্ডা থানা #রিমান্ড #হাফিজুল হত্যা