মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’

প্রথম পাতা » আন্তর্জাতিক » এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে দ্য আটলান্টিক। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাশ প্যাটেল অতিরিক্ত মদপান করেন এবং এফবিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

এ ছাড়া আটলান্টিকের রিপোর্টে দাবি করা হয় যে ক্যাশ প্যাটেলকে দ্রুত তার পদ থেকে বরখাস্ত করা হবে। বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বরাতে এই রিপোর্ট প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

এফবিআই’র মতো মার্কিন গোয়েন্দা সংস্থা পরিচালনার ক্ষমতা ও ক্যাশ প্যাটেলের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয় রিপোর্টে। এতে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসি এবং লাস ভেগাসের ক্লাবে মদ পান করতেন তিনি। সপ্তাহের ছুটিগুলোতে তিনি ক্লাবেই সময় কাটাতেন।

বর্তমান ও সাবেক ছয়জন মার্কিন কর্মকর্তা আটলান্টিককে বলেন, ক্যাশ প্যাটেলের অতিরিক্ত মদপানের কারণে বিভিন্ন বৈঠকের তারিখ পর্যন্ত পাল্টাতে হতো। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, প্যাটেলের আচরণ নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। দেশে সন্ত্রাসী হামলা হলে কী হবে- তা নিয়ে শঙ্কিত তারা।

এফবিআই’র একজন কর্মকর্তা আটলান্টিককে বলেন, আমরা এই কথার অপেক্ষায় শুধু আছি যে প্যাটেলকে বরখাস্ত করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্যাশ প্যাটেল। তিনি আটলান্টিকের খবরকে ভুয়া হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সব মিথ্যা, আটলান্টিককে আমি আদালতে দেখে নেবো- আপনারা চেকবুক সাথে নিয়ে আসবেন।

বাংলাদেশ সময়: ০:৫২:২১   ১১ বার পঠিত